শিরোনাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:০০, ৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অনলাইনে আবেদন করেও ইউনিয়ন পরিষদের তালিকায় নাম না থাকায় প্রকৃত দরিদ্র নারীদের অনেকে ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের সিফা আক্তার জানান, গত ৪ জুন অনলাইনে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেন তিনি। তবে পরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, নির্ধারিত কোটা পূরণ হয়ে গেছে। ফলে আবেদন করেও ভাতা পাননি তিনি।
বাহুবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল বলেন, ইউনিয়ন কমিটির পাঠানো তালিকা উপজেলা কমিটি যাচাই করতে পারে। তবে ওই তালিকায় নাম না থাকলে তিনি নিজে থেকে নতুন নাম অন্তর্ভুক্ত করতে পারেন না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে তালিকা করার সুযোগ নেই। অনিয়মের প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, সুবিধাভোগী নির্বাচন নির্ধারিত নীতিমালা অনুযায়ী হওয়ার কথা। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অনলাইনে আবেদন করেও তালিকায় স্থান না পাওয়া নারীদের আবেদন পুনরায় যাচাই, সুবিধাভোগীদের তালিকা প্রকাশ এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/এসআই