ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

‎নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০:১৫, ৯ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

ছবি: ঢাকা এক্সপ্রেস

‎নোয়াখালীর সেনবাগে ধানখেতে ইঁদুর মারার জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ধানখেতের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ‎নিহত শেখ খাজা মাইনুদ্দিন উপজেলার দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান মাইনুদ্দিন। ঘাস কেটে বাড়ি ফেরার পথে তিনি পাশের একটি ধানখেতে ইঁদুর মারার জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ধানখেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখার অভিযোগ উঠেছে পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেনের (৩০) বিরুদ্ধে। শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত জাকির হোসেন আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

‎পরে খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন