শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৫, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী রেলস্টেশনে প্রায় তিন মাস ধরে বিদ্যুৎ নেই। একই সঙ্গে জনবল সংকটে ব্যাহত হচ্ছে যাত্রীসেবা। বর্তমানে মাত্র একজন টিকিট বুকিং সহকারী দিয়ে স্টেশনের কার্যক্রম চলছে। প্রায় আড়াই বছর আগে স্টেশনটি চালু হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি।
প্রায় তিন মাস আগে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার পর স্টেশনটির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এতে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় গরমে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
ক্লিনার না থাকায় বাথরুম ও স্টেশন চত্বরও অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। একমাত্র কর্মীকেই রাতে স্টেশনে থাকতে হচ্ছে।
টিকিট বুকিং সহকারী মো. রুবেল হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির পর থেকে বিদ্যুৎ নেই। বিষয়টি বারবার জানানো হলেও সমাধান হয়নি।
যাত্রী ও স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহ এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই