শিরোনাম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১১:২২, ২৫ নভেম্বর ২০২৬
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধরের পর জোর করে বিষ খাইয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে নিহতের চাচা মো. সালাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সেলিনা বেগম ঝালকাঠি সদর উপজেলার চর ভাটারাকান্দা এলাকার সিরাজুল হাওলাদারের মেয়ে। প্রায় ১৭ বছর আগে রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে মন্টু হাওলাদারের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের চাচা মো. সালাউদ্দিনের অভিযোগ, গত এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মন্টু হাওলাদারের সঙ্গে অন্য নারীদের সম্পর্কের বিষয় নিয়ে বিরোধের জেরে প্রায়ই সেলিনাকে মারধর করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে জোর করে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চাচা মো. সালাউদ্দিন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, বরিশাল হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি তাদের জানা নেই। পরিবারের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস