ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ালেন মোস্তাফিজ-নাহিদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৪১, ২৫ নভেম্বর ২০২৬

আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ালেন মোস্তাফিজ-নাহিদ

ফাইল ছবি

গত আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। এবার আইপিএলের নিলামেই নাম লেখাননি এই বাংলাদেশি পেসার।

আজ ক্রিকইনফো আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকে জানা গেছে, মোস্তাফিজ এবারের আসরের নিলামে নাম লেখাননি।

এ বছরের শুরুতে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বড় আলোচনা হয়েছিল। নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি।

এবারের আইপিএল নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি নাহিদ রানা। সর্বশেষ ভারত সফরে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে তিনিও এবার নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন