ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজের প্রস্তাব বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৫, ২১ নভেম্বর ২০২৬

পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজের প্রস্তাব বিসিবির

ফাইল ছবি

১১ বছর পর ২০২৭ সালে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টটির আগে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে। উভয় দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির সভায় এ প্রস্তাব দেয় বিসিবি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। তবে তার উল্লেখ করা সময় সঠিক নয় বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলঙ্কাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’ তবে দুই বোর্ড এখনো বিষয়টি বিবেচনায় রাখায় সূচি চূড়ান্ত হয়নি। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

বিসিবির মুখপাত্র জানান, ‘যেহেতু এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং উভয় দেশই তা বিবেচনা করছে, তাই আমরা এখনই এ নিয়ে ঘোষণা দিতে পারছি না। তারা এতে (ত্রিদেশীয় সিরিজে) অংশ নেবে কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত পরবর্তী সময়ে আমাদের জানাবে।’

প্রসঙ্গত, আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের আসর বসবে। এর আগে সর্বশেষ ২০১৬ সালে মহাদেশীয় এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ওই আসরে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল। ২০২৭ সালের এশিয়া কাপ হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন