শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:২২, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে তোলপাড় অস্ট্রেলিয়ান ক্রিকেটে। উসমান খাজার বিস্ফোরক দাবি, তাতে ডেভিড ওয়ার্নারের প্রকাশ্য সমর্থন, সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে ২০১৮ সালের তদন্ত।
তবে এত বিতর্কের পরও পুরোনো তদন্ত নতুন করে শুরু করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন, নতুন তদন্ত শুরুর মতো জোরালো কোনো কারণ দেখছেন না তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন গ্রিনবার্গ। খাজার নতুন অভিযোগ সামনে আসার পর ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে তাদের বক্তব্যের সঙ্গে খাজার দাবির গুরুত্বপূর্ণ অসংগতি থাকায় পুরোনো তদন্তে ফেরার প্রয়োজন দেখছে না বোর্ড।
গ্রিনবার্গ বলেন, ‘তার বইয়ে এমন কিছু নির্দিষ্ট বিবরণ রয়েছে, যা অন্যদের দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তবে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আগের তদন্তের ফল নিয়ে আমরা সন্তুষ্ট। উসমানের বক্তব্যও বিবেচনায় নিয়েছি, কিন্তু আমাদের অবস্থান বদলায়নি।’
নতুন তদন্তের সম্ভাবনা নাকচ করে তিনি আরও বলেন, ‘তদন্ত নতুন করে শুরু করার বা বিষয়টি আবার খতিয়ে দেখার মতো জোরালো কোনো কারণ আমরা দেখছি না। এতে নতুন করে কিছু অর্জিত হবে বলেও মনে করি না।’
মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। শুধু কেপটাউন টেস্ট নয়, তার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে দাবি তার।
খাজার এই দাবিকে সোমবার প্রকাশিত ভিডিও বার্তায় ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন দেন ওয়ার্নার। একই সঙ্গে ২০১৮ সালের তদন্তকে তাড়াহুড়ো করে করা ও ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেন সাবেক এই ওপেনার। বিশেষ করে ঘটনার সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে থাকা খাজার সাক্ষাৎকার না নেওয়ায় তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। তদন্ত শেষে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সেই তদন্তে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার দায় শুধু এই তিন ক্রিকেটারের ওপরই বর্তায়। তবে খাজার দাবি, পুরো দল বিষয়টি জানত। অন্যদিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন ২০২১ সালে যৌথ বিবৃতিতে পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার অভিযোগ অস্বীকার করেন।
গ্রিনবার্গ জানিয়েছেন, ওই চার বোলারের অবস্থান এখনো অপরিবর্তিত। তাদের বক্তব্যের সঙ্গে খাজার অভিযোগের মৌলিক পার্থক্য রয়েছে। ফলে নতুন তদন্ত করলেও সবাই একমত হবেন বলে মনে করছেন না তিনি।
এদিকে বই বিক্রির উদ্দেশ্যে পুরোনো বিতর্ক সামনে আনার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন খাজা। তার দাবি, অর্থ উপার্জন নয়, নিজের জানা সত্য তুলে ধরতেই মুখ খুলেছেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসএস