শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১২, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
লিওনেল মেসি, পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামালের পর এবার পাউ কুবারসি। ইউরোপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার গোল্ডেন বয় জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার।
বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে সাফল্য, মাত্র ১৯ বছর বয়সেই দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন তিনি। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ব্যক্তিগত পুরস্কারেও। একই সঙ্গে গোল্ডেন বয়ের ইতিহাসে নতুন নজির গড়েছেন কুবারসি।
সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সালের গোল্ডেন বয় পুরস্কার বিজয়ী হিসেবে কুবারসির নাম ঘোষণা করে ইতালির সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত। ইউরোপের ক্লাবগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় এই সম্মাননা। এবারের বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের ৫০ জন সাংবাদিক। মোট ৫০০ পয়েন্টের মধ্যে ৪৭৫ পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার তরুণ সেন্টারব্যাক।
এই পুরস্কার জিতে ইতিহাসেও নাম লিখিয়েছেন কুবারসি। গোল্ডেন বয়ের ২৪ আসরের ইতিহাসে মাত্র দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালে আয়াক্সের হয়ে খেলার সময় প্রথম ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট।
কুবারসির এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০২৬ বিশ্বকাপ। স্পেনের বিশ্বজয়ের অভিযানে রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন বার্সেলোনার এই ফুটবলার। পুরো টুর্নামেন্টে আটটি ম্যাচের প্রতিটিতেই শুরু থেকে খেলেছেন তিনি। ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছিল স্পেনের রক্ষণভাগও। আট ম্যাচের সাতটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিল তারা। পুরো প্রতিযোগিতায় মাত্র একটি গোল হজম করেছিল দলটি। এই রক্ষণদুর্গ গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন কুবারসি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন তিনি।
শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও সফল একটি বছর কাটিয়েছেন কুবারসি। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। পাশাপাশি জায়গা পেয়েছেন ২০২৬ সালের ফিফপ্রো বর্ষসেরা একাদশেও। বিশ্বের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত সেই একাদশে জায়গা পাওয়াও তার জন্য বড় স্বীকৃতি।
কুবারসিকে নিয়ে পঞ্চমবারের মতো গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার কোনো ফুটবলার। এর আগে ২০০৫ সালে মেসি, ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং ২০২৪ সালে ইয়ামাল এই সম্মাননা পেয়েছিলেন। ইউরোপের সেরা তরুণ ফুটবলার তৈরিতে নিজেদের আধিপত্যের আরও একটি প্রমাণ দিল কাতালান ক্লাবটি।
সবশেষ ২০২৫ সালে প্যারিস সেন্ট জার্মেইর ফরাসি তারকা দেজিরে দুয়ে পুরস্কারটি জিতেছিলেন। এবার তার উত্তরসূরি হলেন কুবারসি। একই সঙ্গে সেস্ক ফ্যাব্রেগাস, ইসকো, পেদ্রি, গাভি ও ইয়ামালের পর ষষ্ঠ স্প্যানিশ ফুটবলার হিসেবে গোল্ডেন বয়ের তালিকায় নাম লেখালেন তিনি।
আগামী ১৪ ডিসেম্বর ইতালির তুরিনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কুবারসির হাতে তুলে দেওয়া হবে গোল্ডেন বয় ট্রফি।
ঢাকা এক্সপ্রেস/এসএস