শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১:০৯, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৯, ৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সর্বশেষ আমিরাত সফরেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ। তার ঠিক এক টেস্ট পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও হ্যাটট্রিকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। শুধু কাছেই নয়, হ্যাটট্রিক পেয়েও গিয়েছিলেন বলা যায়। তবে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় ডিআরএস। হ্যাটট্রিকের খুব কাছ থেকে ফিরতে হয় হাসানকে।
দিনের প্রথম এক ঘণ্টায় বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। তবে নতুন বল হাতে পেয়েই দৃশ্যপট বদলে দেন হাসান মাহমুদ। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে ক্রিজের একেবারে প্রান্ত দিয়ে বলটি করেন তিনি। সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যাওয়া বলটি সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর রক্ষণ ভেদ করে স্টাম্প ভেঙে দেয়। ভেঙে যায় ১০৬ রানের জুটি।
পরের বলেই রস্টন চেজকে বিদায় করেন হাসান। ওভার দ্য উইকেট থেকে ভেতরের দিকে ঢোকানো তার ডেলিভারির কোনো জবাব ছিল না চেজের কাছে। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
পরের বলে জশুয়া বিশপের বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন করেন হাসান। আম্পায়ারও আঙুল তুলে দেন। তবে বিশপ রিভিউ নিলে দেখা যায়, প্যাডে লাগার আগে বলটি তার ব্যাটের কানায় লেগেছিল। ফলে রক্ষা পান বিশপ। ভেস্তে যায় হাসান মাহমুদের হ্যাটট্রিকের স্বপ্ন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস