ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শ্রমিক অসন্তোষ পরিকল্পিত, পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা: এমপি দিপু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০:৩১, ৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষ পরিকল্পিত, পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা: এমপি দিপু

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের চলমান শ্রমিক অসন্তোষকে পরিকল্পিত আখ্যা দিয়ে এর পেছনে পোশাকশিল্প ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

তার অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বড় একটি অংশ পোশাক কারখানার শ্রমিক নন। একটি পক্ষ পূর্বপরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর চাঁদমারিতে চেম্বার ভবনে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘তিন বছর পরপর মজুরি বোর্ড হয়। এবারও সময়মতো মজুরি বোর্ড হয়েছে। মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেয়, আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা তা মেনে নেন। তাহলে সমস্যা হওয়ার কথা নয়। আসলে গার্মেন্টসশিল্পকে ধ্বংস করার জন্য এই সমস্যা সৃষ্টি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা কোনো শ্রমিকের আন্দোলন নয়। ৩০ হাজার টাকা বেতন কোনো দাবি নয়। বাংলাদেশের গার্মেন্টসশিল্পকে ধ্বংস করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে সবাই মিলে চেষ্টা করছে। কিন্তু এই সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। গত ১৭ বছর অনেকেই গার্মেন্টসশিল্প ও শিক্ষাখাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আন্দোলনে অংশগ্রহণকারীদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার দাবি, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩টি কারখানায় সমস্যা দেখা দিয়েছে। অথচ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো পোশাক কারখানার শ্রমিক নন।

দিপু ভূঁইয়া বলেন, ‘নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টস চালু রয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৩টি গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। তারপরও আন্দোলনে যারা আসছেন, তাদের প্রায় ৯০ শতাংশ কোনো গার্মেন্টসের শ্রমিক নন। তারা বিভিন্নভাবে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জে কোথাও কোনো সমস্যা হয়নি। শুধু একটি জায়গায় আগে থেকেই পরিকল্পনা করে সড়ক অবরোধের জন্য এই অসন্তোষ সৃষ্টি করা হয়েছে। তবে নারায়ণগঞ্জবাসী একত্র থাকার কারণে তারা কোনো সমস্যা করতে পারেননি।’

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দলে যারা আছেন, তাদের বলব, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাবেন না। আমাদের সময় দেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন