ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সেঞ্চুরির পর সাদমানের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০:০৬, ২৯ অক্টোবর ২০২৬

সেঞ্চুরির পর সাদমানের বিদায়

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দিয়েছেন সাদমান ইসলাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে চাপে পড়ার আশঙ্কা তৈরি হলেও সাদমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক সেঞ্চুরি, যা বাংলাদেশকে বড় সংগ্রহ গড়ার পথে এগিয়ে নেয়।

ইনিংসের শুরুতেই বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ওপেনার তানজিদ হাসান ৭ রান করে ফিরে যান। এরপর মুমিনুল হক ২৮ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংসে চাপ বাড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বড় ইনিংস খেলতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ রান।

তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পরও ধৈর্য হারাননি সাদমান। এক প্রান্ত আগলে রেখে পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করেছেন তিনি। বাজে বল পেলে রান তুলেছেন, আবার ভালো বলগুলোও সামলেছেন সতর্কতার সঙ্গে। তার এই ব্যাটিংয়ে উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ।

প্রথম দিনের খেলায়ও দলের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন সাদমান। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে মাঠে নেমেই সেই আক্ষেপ ঘুচিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান এই ওপেনার। এটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

তার সেঞ্চুরিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরলেও তিন অঙ্কে পৌঁছানোর পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি সাদমান। বিশপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১০৫ রানেই বিদায় নিতে হয় তাকে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন