ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৪, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু

ছবি: ঢাকা এক্সপ্রেস

ভয় ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলায় শুরু হয়েছে ব্যালটের লড়াই। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মাত্র আট মাসের মাথায় আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো নির্বাচনি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এবারের উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ ভোটারদের আতঙ্ক দূর করতে এসব কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে রয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক ও সংশয় থাকলেও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা দমনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন