শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫১, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ এনেক্স ভবনের হলরুমে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভা সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মোহাম্মদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মং ক্যউ চিং মারমা সাগর, ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমাসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।
সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য উপস্থাপন করা হয়।
পরে জেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতামূলক তথ্য দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই