ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩০; ৪৬ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:২২, ২৮ অক্টোবর ২০২৬

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩০; ৪৬ জনের মৃত্যুর আশঙ্কা

স্পেনের উর্দাতে বুধবার দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করছেন। ছবি: হুয়ানমা হিমেনেজ/ইউরোপা প্রেস

স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা ৪৬ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেলপথে একই দিকে চলাচলকারী ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। রেল পরিচালনাকারী সংস্থা আদিফ এ তথ্য জানিয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকার ৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে স্পেনের সংবাদমাধ্যম এল এস্পানিওল ও এবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে সিভিল প্রোটেকশনের সূত্রের বরাতে নিহতের সংখ্যা ৪৬ ছাড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেন দুটির বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি বগি রেললাইনের পাশের বাঁধের নিচে পড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে এভিই ট্রেন, যাতে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যটি ইতালীয় প্রতিষ্ঠান ইরিওর ট্রেন, যাতে যাত্রী ছিলেন ৩৯৭ জন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়াগামী রুটে চলাচল করছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রেনফে ট্রেনটি ইরিও ট্রেনের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ইরিও ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে রয়েছে। অন্য ট্রেনটি রেললাইনের ওপর অবস্থান করছে। জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান এবং ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করেন।

যাত্রীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বগি থেকে ধোঁয়া ওঠার ভিডিও প্রকাশ করেছেন। বগিটি এক পাশে কাত হয়ে পড়েছিল।

এদিকে, স্পেনের এবিসি ও এল পাইসের প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, সংকেতব্যবস্থার ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এটি প্রাথমিক ধারণা; আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো নিশ্চিত নয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন