ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৪, ২৭ অক্টোবর ২০২৬

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

ছবি: সংগৃহীত

গির্জায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডানের সামরিক বাহিনী। সোমবার (২৬ অক্টোবর) এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। প্রাথমিক খবরে নিহতদের মধ্যে একজন নারী ও কয়েকটি শিশু রয়েছে বলে জানা গেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে দেশটির কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন। এর জবাবেই সোমবার অভিযান চালানো হয়েছে।

জর্ডানের দাবি, হামলার লক্ষ্য ছিল সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে থাকা সেসব সশস্ত্র গোষ্ঠীর আস্তানা, যাদের সঙ্গে গির্জায় হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে।

জর্ডানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সোমবারের হামলায় এসব গোষ্ঠীর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে।

তবে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা হামলার সুনির্দিষ্ট স্থান কোথায়, তা জানায়নি জর্ডান।

জর্ডান জানিয়েছে, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান চালানো হয়েছে। তবে সিরিয়া এ দাবি অস্বীকার করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, জর্ডানের একটি হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনটি শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

এ ছাড়া অন্য দুটি হামলায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে জর্ডানের হামলাগুলো চালানো হয়।

সিরিয়ার সরকার এ হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে দেশটি।

জর্ডানের হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ দেশটির সঙ্গে সংযোগকারী নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করেছে। এতে দুই দিকের যান চলাচল স্থগিত হয়ে গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন