ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

তামিমের সেই টিম মিটিং নিয়ে জানালেন সিমন্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩:০৯, ২৭ অক্টোবর ২০২৬

তামিমের সেই টিম মিটিং নিয়ে জানালেন সিমন্স

ছবি: সংগৃহীত

চোখে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন। সেই লক্ষ্য সামনে রেখে এবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারাতে পারলে ফাইনালে ওঠার পথ আরও প্রশস্ত হবে টাইগারদের। তবে মাঠের লড়াই শুরুর আগেই দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স এবং মাঠের বাইরের নানা ঘটনা এখন আলোচনার কেন্দ্রে।

এসব নিয়ে যখন কানাঘুষা চলছে, ঠিক তখনই ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের একটি বিশেষ বৈঠক ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। গত রোববার টেস্ট দলের অনুশীলন শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদা বলের অধিনায়ক লিটন দাস, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, প্রধান কোচ ফিল সিমন্স এবং অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। সিরিজ শুরুর ঠিক আগে আকস্মিক এই বৈঠককে কেন্দ্র করে সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিমের ওই বৈঠক নিয়ে সরাসরি কথা বলেন তিনি। সিমন্স স্পষ্ট জানান, আসন্ন সিরিজ কিংবা দলের ভেতরের কোনো বিশৃঙ্খলা নিয়ে বৈঠকটি হয়নি।

বৈঠকের মূল বিষয় তুলে ধরে ক্যারিবীয় এই কোচ বলেন, ‘আমি সেই মিটিংয়ে ছিলাম। সেখানে আলোচনা ছিল—কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া যায়। তরুণদের উন্নতি নিয়েও কথা হয়েছে। খুব ভালো মিটিং হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি। এটা সিরিজ নিয়ে ছিল না। পুরো মিটিং ছিল বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নিয়ে।’

সিরিজ শুরুর ঠিক আগে এমন বৈঠক দলের প্রস্তুতিতে কোনো বাধা বা নেতিবাচক প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স সেই শঙ্কা উড়িয়ে দেন। তার ভাষ্য, বৈঠকটি ছিল ইতিবাচক এবং দেশের ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুদূরপ্রসারী আলোচনা।

দলের ভেতরের অস্থিরতা ও নানা গুঞ্জন প্রসঙ্গে কৌতুকপূর্ণ ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে সিমন্স বলেন, ‘আমার চেয়ে বাংলাদেশে আপনি বেশি সময় ধরে আছেন। খেলার আগে এমন বিশৃঙ্খলা নিশ্চয়ই এবারই প্রথম দেখেননি? শুধু এই সিরিজ নয়, প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। দুই বছর আগে যে সিরিজ খেলেছি, সেটাও গুরুত্বপূর্ণ ছিল। আমরা কীভাবে প্রস্তুতি নেব, কীভাবে ভালো খেলব—এটাই মুখ্য বিষয়।’

তিনি আরও বলেন, বাইরের পরিবেশ কিংবা চারপাশের হট্টগোল নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। গত কয়েক দিন ধরে ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নিজেদের সেরাটা দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য সামনে রেখে বিতর্ক ও জল্পনা পেছনে ফেলে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন