শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯, ১৩ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন লিটন দাস। এক টেস্টে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালে অংশ নেওয়ার কীর্তি এখন তার দখলে। এই ম্যাচে এখন পর্যন্ত তার ডিসমিসালের সংখ্যা আটটি।
এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের দখলে ছিল এই রেকর্ড। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে সাতটি ডিসমিসালে অংশ নিয়েছিলেন তিনি। ২২ বছর পর পাইলটের সেই রেকর্ড ভেঙে দিলেন লিটন।
আফগানিস্তানের প্রথম ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিং করেন লিটন। দ্বিতীয় ইনিংসের শুরুতে আরও তিনটি ক্যাচ নেন তিনি। সব মিলিয়ে ম্যাচে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।
বাংলাদেশ আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের কঠিন লক্ষ্য দিয়েছে। আফগানিস্তান এখনো ব্যাট করছে। ফলে লিটনের সামনে ডিসমিসালের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
এবার লিটনের সামনে হাতছানি দিচ্ছে বিশ্বরেকর্ডের। এক টেস্টে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের বিশ্বরেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছেন তিনজন। তারা হলেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত।
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ডিসমিসালে অংশ নিয়ে এই কীর্তি গড়েন জ্যাক রাসেল। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে একই রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি ডিসমিসালে অংশ নিয়ে তাদের পাশে নাম লেখান পন্ত। এবার লিটনের সামনে সেই বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ।
উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও এই টেস্টে দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে অর্ধশতক করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক। সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলেছেন বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ আশরাফুলকেও। শেষ দিনে এবার বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষায় লিটন।
ঢাকা এক্সপ্রেস/এসএস