শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২:১৮, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নীলফামারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারের অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার জলঢাকা উপজেলার কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৫২) এবং তার মেয়ে শরিফা বেগম (২৫)।
সোমবার (১২ অক্টোবর) রাতে সাংবাদিকদের এসব তথ্য জানায় জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ জানায়, গত রোববার (১১ অক্টোবর) নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। জেলার জলঢাকা থানাধীন খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়ায় গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
এ সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৮ এবং জিআর নম্বর ৩০১/২০২৬। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস