ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২:২১, ১৩ অক্টোবর ২০২৬

সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির বিক্ষোভ

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে, তা এখনো তৃণমূলের নেতাকর্মীদের মনে তাজা হয়ে আছে। বিএনপির নেতাকর্মীরা সেই নির্যাতন-নিপীড়নের কথা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা দাবি করেন, নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ আরও অনেকে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন