ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুমিল্লায় জাবির নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৪, ১৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জাবির নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউদকান্দি মডেল মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোহাইমিনুল অন্য একজনের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তার বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী শফিউজ্জামান শাহীনকে মেসেঞ্জারে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি জানান, দাউদকান্দি মডেল মসজিদের আশপাশে রয়েছেন তিনি। তাকে যেন সেখান থেকে উদ্ধার করা হয়, সে অনুরোধও জানান।

বার্তাটি পাওয়ার পর সাভার থানা পুলিশ বিষয়টি দাউদকান্দি মডেল থানা পুলিশকে জানায়। পরে দাউদকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মসজিদের পাশের একটি বাড়ি থেকে মোহাইমিনুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত ১০টার দিকে সাভার থানা পুলিশ দাউদকান্দি থানায় পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘মোহাইমিনুলকে কেউ আটকে রাখেনি। তিনি নিজেই মসজিদের পাশের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে আমরা জানতে পেরেছি।’ তিনি আরও জানান, উদ্ধারের পর মোহাইমিনুলকে শারীরিকভাবে সুস্থ দেখা গেছে।

এর আগে সোমবার বিকেলে মোহাইমিনুলের সন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ওই দিন সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মোহাইমিনুলের সন্ধানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগসহ প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

গত রোববার বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। এরপর তার আবাসিক কক্ষে একটি আত্মহত্যার নোট পাওয়া যায়। নোটে বিভাগের অবহেলার বিষয়টি উল্লেখ থাকায় তা তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটটি পাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন