শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩২, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রীর নাম ঝরনা বেগম (৪৮)। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর ভোরে প্রাতর্ভ্রমণের উদ্দেশে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। তারা হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকার কাছে পৌঁছান। এ সময় মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। দ্রুতগতির গাড়িটির ধাক্কায় তারা দুজনই ছিটকে সড়কের পাশে নিচে পড়ে যান।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখবেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস