শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫, ১২ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এবার নিজের ভাবনা তুলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বের ১০ জন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়কে নিয়ে তৈরি তালিকায় জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের উঠতি তারকা তোমাস আরান্দা।
প্রচারণার কথক বলেছেন, ‘দশটি অধ্যায়, যা খেলার ভবিষ্যৎ নতুন করে লিখবে। এটি এমন এক গল্প, যা মাত্র শুরু হয়েছে।’ আগামী দিনে ফুটবলকে নতুন রূপ দিতে পারেন, এমন প্রতিভাবান তরুণদের ঘিরেই এই বক্তব্য দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে আরান্দার নাম এ তালিকায় থাকা বিশেষ আনন্দের খবর। কারিগরি দক্ষতা ও সৃজনশীল খেলার মাধ্যমে ইতোমধ্যে নজর কেড়েছেন এই তরুণ। শোনা যায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির নজরেও পড়েছেন তিনি। বিশ্বকাপের আগে একটি প্রীতি ম্যাচের সফরের জন্য স্ক্যালোনি যে দল নির্বাচন করেছিলেন, সেখানে আরান্দাকেও রাখা হয়েছিল। তবে বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এই তরুণ ফুটবলার। তার ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে গেছে। মাঠে ফেরার লক্ষ্যে এখন সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
মেসির বাছাই করা তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান খেলোয়াড়দের স্থান হয়েছে। তুরস্কের জান উজুন রয়েছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রতিনিধি হিসেবে। মেক্সিকোর তিহুয়ানার জিলবের্তো মোরা এবং ইংল্যান্ডের আর্সেনালের ম্যাক্স ডোম্যানও আছেন এই তালিকায়।
তরুণদের মধ্যে নারী ফুটবলারদের ক্রমবর্ধমান প্রভাবও উঠে এসেছে মেসির এই নির্বাচনে। ইংল্যান্ডের ক্লোয়ে সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোত্তা ভ্রেদে পেয়েছেন স্বীকৃতি।
এই প্রচারণার মধ্য দিয়ে মাঠের বাইরেও মেসির প্রভাবের বিষয়টি আবার স্পষ্ট হয়েছে। নিজের খেলোয়াড়ি সাফল্যের পাশাপাশি ফুটবলের পরবর্তী প্রজন্মের প্রতিভাবানদের দিকেও নজর দিচ্ছেন তিনি। এই তরুণেরা ভবিষ্যতে ফুটবলের বড় তারকাদের পথ অনুসরণ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে তাই তালিকায় আরান্দার অন্তর্ভুক্তি আরও বিশেষ তাৎপর্য বহন করছে। আর্জেন্টিনার এই তরুণ ভবিষ্যতে কতটা সাফল্য অর্জন করতে পারেন, তা দেখার অপেক্ষাও এখন বেড়েছে।
মেসির বাছাই করা বিশ্ব ফুটবলের পরবর্তী প্রজন্মের ১০ তারকা হলেন-
1. তোমাস আরান্দা, আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স।
2. জান উজুন, তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
3. জিলবের্তো মোরা, মেক্সিকো, তিহুয়ানা।
4. ম্যাক্স ডোম্যান, ইংল্যান্ড, আর্সেনাল।
5. জাভিয়ের গোজো, যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস।
6. হেসুস রদ্রিগেজ, স্পেন, কোমো ১৯০৭।
7. কেস স্মিট, নেদারল্যান্ডস, এজেড আলকমার।
8. ক্লোয়ে সারউই, ইংল্যান্ড, চেলসি।
9. জিওভান্না ওয়াকসম্যান, ব্রাজিল, ওএল লিওনেস।
10. লোত্তা ভ্রেদে, জার্মানি, হামবুর্গার এসভি।
ঢাকা এক্সপ্রেস/এসএস