ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

টেস্টে হ্যাটট্রিক করে হাসান মাহমুদের ইতিহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৭, ১১ অক্টোবর ২০২৬

টেস্টে হ্যাটট্রিক করে হাসান মাহমুদের ইতিহাস

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি। এক ওভারেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে এই কীর্তি গড়েন ডানহাতি এই পেসার।

আগের দিন সংবাদ সম্মেলনে সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। বলেছিলেন, নতুন বল এলেই বাংলাদেশ ম্যাচে ফিরে আসবে। তবে সেই প্রত্যাবর্তন যে এভাবে হবে, তা কে জানত!

অবিশ্বাস্য সেই কাজই করে দেখিয়েছে বাংলাদেশ। মাত্র সাত বলের ব্যবধানে আফগানিস্তানের চারটি উইকেট তুলে নিয়েছে দলটি। এই কীর্তির নায়ক হাসান মাহমুদ। এক ওভারেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।

শুরুটা করেন ইসমাত আলমকে বোল্ড করে। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে পরাস্ত করেন আফগানিস্তানের এই নতুন ব্যাটারকে।

পরের বলে শিকার হন কাইস আহমেদ। হাসানের আউটসুইঙ্গারে ব্যাটের বাইরের কানায় বল লেগে পেছনে চলে যায়। দুর্দান্ত ক্যাচ নিয়ে তাঁকে ফিরিয়ে দেন উইকেটকিপার লিটন দাস।

এরপর নতুন ব্যাটার জিয়া আকবরকে ভেতরে ঢোকা বলে পরাস্ত করেন হাসান। বল তাঁর প্যাডে লাগলেও আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নেয় বাংলাদেশ। সেখানে দেখা যায়, পিচিং, ইমপ্যাক্ট ও হিটিং—তিন ক্ষেত্রেই লাল সংকেত দেখাচ্ছে প্রযুক্তি। সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় হাসান মাহমুদের ঐতিহাসিক টেস্ট হ্যাটট্রিক।

টেস্ট ক্রিকেটে এর আগে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আরও দুজন। ২০০৩ সালে প্রথম এই কীর্তি গড়েন অলক কাপালি। এরপর ২০১৩ সালে হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। তবে বাংলাদেশের কোনো পেসার এর আগে টেস্টে হ্যাটট্রিক করতে পারেননি। সেই অধরা কীর্তি গড়ে এবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন হাসান মাহমুদ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন