ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৪৫, ২৩ অক্টোবর ২০২৬

আটলান্টিক মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চেয়েছিলেন ট্রাম্প

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন। তবে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের সামনে এ দাবি করেন তিনি। তবে ট্রাম্পের সঙ্গে পিচাইয়ের এমন কোনো কথোপকথন হয়েছিল কি না, তা প্রকাশ্যে নিশ্চিত করেনি গুগল।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, গুগল ম্যাপে মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ দেখানোর পর তিনি পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তখন আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম নিজের নামে রাখার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, তিনি পিচাইকে জিজ্ঞাসা করেছিলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখা সম্ভব কি না। জবাবে পিচাই তাঁকে জানান, মহাসাগরগুলোর বিস্তৃতি একাধিক দেশের সীমানাজুড়ে হওয়ায় এ ধরনের পরিবর্তন করা সম্ভব নয়।

সমাবেশে বিষয়টি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প গুগলপ্রধান সুন্দর পিচাইয়ের প্রশংসাও করেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যানের কথা বলতে গিয়ে তিনি হাস্যরসের আশ্রয় নেন।

ট্রাম্প বলেন, তিনি সম্ভবত প্রস্তাবটি বাদ দেবেন। এরপর উপস্থিত সমর্থকদের কাছে জানতে চান, আটলান্টিক মহাসাগরের প্রচলিত নামটিই রাখা উচিত কি না।

উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে যুক্তরাষ্ট্রে ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গুগল ম্যাপসও মার্কিন ব্যবহারকারীদের জন্য নতুন নামটি প্রদর্শন করে। তবে ট্রাম্পের দাবি করা ‘ট্রাম্প মহাসাগর’ নামকরণের বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন