ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৭, ২৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

ফাইল ছবি

ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৮ অক্টোবর জারি করা এক নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনায় বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে, যাতে এডিস মশার বংশবিস্তার না ঘটে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ, সার্বিক শৃঙ্খলা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন