শিরোনাম
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩০, ২২ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ভোলার তজুমদ্দিনে ৫৩ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৫ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ২ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। একই সঙ্গে কালীবাড়ি মন্দিরে ৬ টন গম দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পিকার।
বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও শেখ পরিবারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সেয়ানা দল, শেখ পরিবার থেকে একজনও গ্রেপ্তার হয়নি।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, খুন, গুম, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা সরকারের ১৫ বছরের শাসন থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সমাজব্যবস্থায় ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কমে আসছে। যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া লজ্জার বিষয় ছিল। তাঁর অভিযোগ, দুর্নীতিবাজরা সমাজের নেতৃত্বে উঠে আসছেন।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তজুমদ্দিনের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্পিকার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে উপহার বিতরণ করেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ১০ হাজার ও ২০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অনুদান দেন তিনি। কালীবাড়ি মন্দিরে ৬ টন গম দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই