শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৩, ২২ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভিডিওটি ঘিরে আলোচনা শুরু হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণমন্ত্রী। এ সময় শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে তানজিলা তাসনিম বলেন, ভূমিসংক্রান্ত কাজে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় কলেজটি প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য তিনি মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এ ছাড়া প্রশাসনিক ভবন উদ্বোধন, হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার এবং ভিজিএফের চাল বস্তাবন্দি করার উদ্যোগের প্রশংসা করেন তিনি। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও।
এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে বক্তব্যের বিভিন্ন বিষয় ছাপিয়ে দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই