ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

পূজায় সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৯, ২১ অক্টোবর ২০২৬

পূজায় সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির সরকার ক্ষমতায় আসার পর মাত্র আট মাসের মধ্যে এবার পূজায় সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ ছুটি বাস্তবায়ন করেছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জেএম সেন হল পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে আমরা সব সময় এসেছি। কিন্তু আমাদের আগেও কেউ কেউ এখানে এসেছে। তারা বলেছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমরা পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে আলাপ করেছি। তারা আমাদেরকে ক্ষমতায় রাখবেন, আপনাদের ওপর ভরসা করে। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার শহীদ মুক্তিযোদ্ধারা এ রকম একটি বাংলাদেশ চেয়েছিলেন। যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি। কারণ আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করি না। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে। কিন্তু আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে উপমা দিতে চাই না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বী ও বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী রক্ত দিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মাবলম্বী ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এই ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য। আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুতরাং যারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে সব সময় মনে করেছিল, তাদের ভ্রম ভেঙে দিয়েছিলেন গতবার। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করেছি। আমরা সরকারের ক্ষমতায় আসার পর মাত্র আট মাসের মধ্যে এবার পূজায় সর্বোচ্চ বরাদ্দ, পূজায় সর্বোচ্চ ছুটি বাস্তবায়ন করেছি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন