ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

দরিদ্র জয়তনের মুখে হাসি ফোটাল তরুণদের ‘স্বপ্নছোঁয়া’

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪, ২১ অক্টোবর ২০২৬

দরিদ্র জয়তনের মুখে হাসি ফোটাল তরুণদের ‘স্বপ্নছোঁয়া’

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা অসহায় বৃদ্ধা জয়তনের মুখে হাসি ফোটাল তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোঁয়া’। উপজেলার কুকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাকদান গ্রামের বারেক সিকদার বাড়ির বাসিন্দা বৃদ্ধা জয়তন। স্বামী-সন্তানহীন নিঃসঙ্গ জীবনে একবেলা খেয়ে দিন কাটে তার। খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে ওই বৃদ্ধার হাতে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়। বাজারের ব্যাগে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সহায়তা পেয়ে আবেগে কেঁদে ফেলেন বৃদ্ধা জয়তন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধার নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সদস্য রাকিবুল ইসলাম ও মাইনুল ইসলাম রাজু।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে সত্যিই প্রশংসনীয়। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে সহমর্মিতা ও ভালোবাসা বাড়ে।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, "আমরা বিশ্বাস করি, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। জয়তন খালার মতো অসহায় মানুষদের পাশে ভবিষ্যতেও আমরা থাকবো।"

উল্লেখ্য, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন