ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

মনোনয়ন নয়, নির্বাচনে জয়ের নির্ধারক জনগণ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৯, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১০, ২১ অক্টোবর ২০২৬

মনোনয়ন নয়, নির্বাচনে জয়ের নির্ধারক জনগণ: তারেক রহমান

ছবি: ঢাকা এক্সপ্রেস

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে জয় নিশ্চিত নয়। জনগণের আস্থা ও জনসম্পৃক্ততাই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে শুধু দলীয় মনোনয়নের ওপর ভরসা না করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে যে ধরনের কারচুপির অভিযোগ উঠেছিল, ভবিষ্যতে তেমন নির্বাচন হবে না বলে জানান তিনি।

মাদক নির্মূলে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা রাখলে মাদকের বিস্তার অর্ধেক কমানো সম্ভব। বাকি অর্ধেক নির্মূলে প্রশাসন কাজ করবে। শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পতিত ফ্যাসিস্ট ও ‘জান্নাতের টিকিট’ বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতীতের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক সভা হওয়ায় এতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল না। বৈঠকে আলোচিত বিষয়গুলো উপস্থিত নেতাদের বক্তব্যের মাধ্যমে জানা গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন