ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

দুর্গোৎসবে জামায়াতের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৩, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে জামায়াতের শুভেচ্ছা

ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন দুর্গাপূজা যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ৫৫ হাজার বর্গমাইলের প্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাও এ সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, দেশের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন। পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন