শিরোনাম
প্রকাশ: ১৪:৪১, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বজনরা জানিয়েছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। দ্বিতীয় জানাজা হবে মুন্সিগঞ্জে।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথচলা শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই