ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৯, ১৫ অক্টোবর ২০২৬

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ফাইল ছবি

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিকাজে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। ফলে মাঠে কাজ করার জন্য কৃষিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ঘাটতিতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে আধুনিক সংরক্ষণ প্রযুক্তির উন্নয়ন, কোল্ড স্টোরেজ স্থাপন এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, উত্তরাঞ্চলে প্রচুর আলু উৎপাদিত হলেও কৃষকরা ন্যায্যমূল্য পান না। অনেক সময় আলু ফেলে দিতে হয়। একইভাবে টমেটো, অন্যান্য সবজি ও ফলমূল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ জরুরি।

পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, একসময় পেঁয়াজ আমদানিতে বিপুল অর্থ ব্যয় হতো। বর্তমানে আমদানির প্রয়োজন না হওয়ার বিষয়টি ইতিবাচক। পাশাপাশি কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

কৃষি গবেষকদের সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি কৃষি বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিতে কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাঁর মতে, গবেষকদের সুযোগ-সুবিধা বাড়ানো না হলে মেধাবী শিক্ষার্থীদের এ পেশায় আকৃষ্ট করা কঠিন হবে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান এবং বারি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে বারি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বারির জিন ব্যাংক ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বারি কাঁঠাল-৬ জাতের একটি চারা রোপণ করেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন