ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৮, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে যাওয়ার আগে তিনি পরীক্ষাগারটির কার্যক্রম ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ ল্যাবের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বর্তমানে দেশের আটটি মহানগরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি চলছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪ জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব ভ্যানে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থাও রয়েছে।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন