ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিত্রসাংবাদিক শামসুল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৮, ১৪ অক্টোবর ২০২৬

চিত্রসাংবাদিক শামসুল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া

ছবি: ঢাকা এক্সপ্রেস

চট্টগ্রামের জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরের টিসিজেএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তার পেশাগত সততা, সাহসিকতা ও সাংগঠনিক অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাগত নীতি ও আদর্শে অটল ছিলেন শামসুল আলম বাবু। সহকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নবীন চিত্রসাংবাদিকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিতেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শামসুল আলম বাবু সততা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য, স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

টিসিজেএর সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল আইয়ের চট্টগ্রাম অফিসের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা।

স্মৃতিচারণা করে টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, আলী আকবর, মোহাম্মদ আলমগীর, সুমন গোস্বামী, মোহাম্মদ মনসুর, হারুন উর রশিদ ও নবাব মিয়া বক্তব্য দেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহতও হয়েছিলেন বাবু। তার সাহসিকতা ও সহমর্মিতার কথা সহকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

আলোচনা শেষে শামসুল আলম বাবুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আহম্মদ উল্লাহ।

অনুষ্ঠানে টিসিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্য, সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন