ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৮, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৫০, ৬ অক্টোবর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই। সোমবার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সারাহ কুক তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

আন্দালিভ রহমান বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে।

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন বা ‘অফকম’ এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন