ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৬, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৭, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত

ফাইল ছবি

অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর)  রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে উপাচার্য বলেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত নয়। এ কারণে সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

এদিকে, জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী সিন্ডিকেট সভায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেগুলোর সত্যতা পেয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন