ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩:০০, ২৫ নভেম্বর ২০২৬

টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র কি তবে কোপা আমেরিকার চিরস্থায়ী আয়োজক বনে গেল? কাগজে-কলমে এই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার। তবে কালেভদ্রে উত্তর আমেরিকায়, আরও স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রেও মাঠে গড়ায়। সেই ‘কালেভদ্রে’ শব্দটি এখন অবশ্য উঠে যাওয়ার জোগাড়।

১২ বছরের ব্যবধানে তৃতীয়বার, আর টানা দ্বিতীয়বারের মতো কোনো দেশ আয়োজনের দায়িত্ব পেলে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল। গতকাল সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ২০২৮ কোপা আমেরিকার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এর ফলে ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে আরও একটি বড় ফুটবল আসর। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে বসছে অলিম্পিকের আসর। জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার সঙ্গে সূচি সমন্বয় করতে হয়েছে কোপা আমেরিকার। সেটিও চূড়ান্ত হয়েছে। আগামী ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

২০২৮ সালের আসর আয়োজনের দৌড়ে ছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত আয়োজক স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক সম্ভাবনা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত অবকাঠামো এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দেশটির বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও রয়েছে তাদের।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে। দুই আসরেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ২০১৬ সালে শিরোপা জিততে পারেনি তারা। চিলির কাছে পেনাল্টি শুটআউটে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ২০২৪ সালের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে আকাশি-সাদারা।

আসছে আসরে খেলবে ১৬টি দল। এর মধ্যে কনমেবলের ১০ সদস্যদেশ সরাসরি অংশ নেবে। বাকি ছয়টি দল আসবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ থেকে। ২০২৭ গোল্ড কাপে পারফরম্যান্সের ভিত্তিতে এই ছয় দল বাছাই করা হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন