ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি, জায়গা হয়নি সেরা ৩০-এ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৫১, ২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি, জায়গা হয়নি সেরা ৩০-এ

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের এবারের আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় তার এবারের যাত্রা শেষ হলো।

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি।

তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেরা ৩০ প্রতিযোগীকে। এ তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।

সেরা ৩০-এর প্রতিযোগীরা এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স।

সেরা ৩০-এ জায়গা না হওয়ায় পরবর্তী পর্বে আর দেখা যাবে না বাংলাদেশের সামিরা খান মাহিকে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন