শিরোনাম
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৩, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠেন।
অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল, এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।
তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস