শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দফায় দফায় বৈঠক ও দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন।
ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান জানান, পোশাকশ্রমিকদের চতুর্থ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক শুরু হয়। মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। পরে ভোররাতে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী।
তিনি বলেন, চতুর্থ গ্রেডের নিম্নতম মজুরি নির্ধারণে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় গোপন ভোটের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসাবে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ ধারার ১ উপধারা অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের ভোটে চতুর্থ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজাদ সুবহানী জানান, বাকি গ্রেডগুলোর ক্ষেত্রে বোর্ড সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ দরকষাকষির বৈঠকে মালিকপক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হয়। চতুর্থ গ্রেডে এর চেয়ে বেশি মজুরি বাড়াতে তারা রাজি হননি। অন্যদিকে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার নিচে নামতে রাজি হয়নি। আলোচনার মাধ্যমে সব পক্ষ ঐকমত্যে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। ছয় ভোটের মধ্যে চারটি পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের চতুর্থ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হলে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস