ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

পুলিশ হত্যা মামলায় ডেভিডসহ গ্রেপ্তার ৬, পালানোর সময় গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৪, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৬, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশ হত্যা মামলায় ডেভিডসহ গ্রেপ্তার ৬, পালানোর সময় গুলিবিদ্ধ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে ডেভিডের পায়ে গুলি লাগে। অভিযানে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অভিযানের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের সহযোগী সামাদ। এ ছাড়া আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এসআরবির পৃথক একটি দল। তবে গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযান চলাকালে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে। তার ভাই আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির পৃথক দল অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের বিস্তারিত পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। সাদা পোশাকে ওয়ারেন্টসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন