শিরোনাম
প্রকাশ: ১১:১৪, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বজনীন নীতিমালা উপেক্ষা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্বাভাবিক উচ্চ সিজিপিএ শর্ত আরোপের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈষম্যমূলক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার ও সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা দিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গত ২৩ নভেম্বর ঢাকার জজ কোর্টের আইনজীবী এবং ‘লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফর ভালনারেবল সোসাইটি’র (লিভস) ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট বিজয়া রানী টিকাদারের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গুলরুখ এ নোটিশ পাঠান। নোটিশটি ইউজিসির চেয়ারম্যান ও সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাককানইবির উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং ইউজিসি কর্তৃক ২০২১ সালের ৫ এপ্রিল প্রকাশিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’ অনুযায়ী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫০ নির্ধারিত রয়েছে।
কিন্তু গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে জাককানইবির রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর: জাককানইবি/রেজি:/নবিজনি/১৬৩২/২২/৬৮০৬) ইউজিসির এই নির্দেশিকা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে অন্যান্য বিভাগে সিজিপিএ ৩.৫০ চাওয়া হলেও নৃবিজ্ঞান বিভাগে ৩.৬০ এবং বিপণন ও ব্যবস্থাপনা বিভাগে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ নির্ধারণ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে ইউজিসির নীতিমালা অনুযায়ী সংশোধনপূর্বক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের অভিযোগ, আইনি পদক্ষেপের আগে তারা শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। নিয়োগ বিজ্ঞপ্তির অসংগতি সংশোধনের লিখিত আবেদন নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পরপর তিন দিন উপাচার্যের কার্যালয়ে গেলেও প্রতিবারই তিনি সাক্ষাৎ এড়িয়ে যান। সর্বশেষ গত ১৬ নভেম্বর দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করলেও ‘মিটিংয়ের ব্যস্ততা’সহ বিভিন্ন অজুহাতে উপাচার্য তাদের সঙ্গে দেখা করেননি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের ব্যক্তিগত সচিবের (পিএস) কাছে আবেদনপত্র জমা দিয়ে গ্রহণের প্রমাণপত্র নিয়ে ফিরে আসেন।
অন্যদিকে, ইউজিসির নীতিমালা ভঙ্গ করে কেন এই উচ্চ শর্ত আরোপ করা হলো, তা নিয়ে প্রশাসন ও বিভাগীয় শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি দায় চাপানোর ঘটনাও সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিভাগীয় শিক্ষকদের চাহিদা অনুযায়ী এই শর্ত দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষকদের একাংশের দাবি, উচ্চপর্যায়ের নির্দেশনাতেই তারা চাহিদাপত্র পাঠিয়েছেন।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত অনেক ব্যাচেই ৩.৭০ বা ৩.৭৫ সিজিপিএ অর্জনকারী কোনো শিক্ষার্থী নেই। এমনকি নতুন এই শর্ত দিয়ে মূল্যায়ন করলে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত শিক্ষকদের প্রায় ৯০ শতাংশই নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন। ফলে ইউজিসি নির্ধারিত মানদণ্ড অর্জন করেও জাককানইবির নিজস্ব মেধাবী গ্র্যাজুয়েটরা আবেদনের প্রাথমিক যোগ্যতা হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছেন। কেউ কেউ দাবি করেছেন, নির্দিষ্ট কোনো প্রার্থীকে অনৈতিক সুবিধা দিতেই এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আইনি নোটিশটি পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংক্ষুব্ধ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস