ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে তরুণ ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৫৬, ১৭ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে তরুণ ফুটবলারের মৃত্যু

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মারা গেছেন ১৮ বছর বয়সী সম্ভাবনাময় ফুটবলার আবেল নুনেস। তিনি খেলতেন এজেইজা ফুটবল ক্লাবে।

টাইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের একটি ম্যাচে এ ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরা নুনেস বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় জোরালো আঘাত পান। এরপর অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান তিনি।

ঘটনাস্থলেই নুনেসের চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর তাকে একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তার পড়ে যাওয়ার পরপরই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।

মাথায় গুরুতর আঘাতের কারণে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি তাকে।

তার আকস্মিক মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে। শুধু যে ক্লাবে তিনি বেড়ে উঠেছেন, সেখানেই নয়, বাইরেও শোকের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে নুয়েভা এস্ত্রেয়ার ফুটসাল রিজার্ভ দলে, যেখানে তিনি ২০২৪ সালে যোগ দিয়েছিলেন। শোকের কারণে দলটি তাদের সব ম্যাচ স্থগিত করেছে। এজেইজা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানায়।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘ক্লাব হিসেবে এটি আমাদের জানানো সবচেয়ে কষ্টের খবর। গভীর বেদনা ও শোকের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আজ সে আমাদের এক অবর্ণনীয় শূন্যতায় রেখে গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ম্যাচ চলাকালে সে কষ্টদায়ক আঘাত পায়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ ফুটবল দ্বিতীয় স্থানে। স্বপ্ন ও আকাঙ্ক্ষায় ভরা আমাদের এই সতীর্থকে বিদায় জানাতে গিয়ে আমরা শোকে মুহ্যমান। সে ছিল আমাদের পরিবারের অংশ।’

নুনেস আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে নুয়েভা এস্ত্রেয়ার রিজার্ভ দলে ফুটসাল খেলতেন। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ক্লাবটি। ঘটনার পর আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে নিজেদের ম্যাচও বাতিল করেছে তারা।

নুয়েভা এস্ত্রেয়ার বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আবেলের মৃত্যুর পর আজকের সব ক্রীড়া আয়োজন বাতিলের ঘোষণা দিচ্ছে নুয়েভা এস্ত্রেয়া। প্রতিষ্ঠান হিসেবে তার পরিবার, বন্ধু ও আমাদের পুরো সম্প্রদায়ের প্রতি এই কঠিন সময়ে আন্তরিক সমবেদনা জানাই।’

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন