ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

টানা ২ মৌসুম গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০৫, ৮ নভেম্বর ২০২৬

টানা ২ মৌসুম গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গিয়ে একের পর এক ইতিহাস গড়েই চলেছেন লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে মেজর লিগ সকারের গোল্ডেন বুট টানা দুইবার জেতার কীর্তি গড়লেন মেসি।

আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল নিয়ে। শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের দিনে অবশ্য গোল পাননি তিনি। তবে দুটি গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজেদের মাঠে সেদিন ৩-০ গোলে এগিয়ে ছিল মিয়ামি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

তবু গোল্ডেন বুটের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলেছেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোল ২১টি।

গত মৌসুমে মেসির ২৯ গোল ছিল এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় চতুর্থ। এবার সেই সংখ্যা ছুঁতে না পারলেও নতুন গোল্ডেন বুট জয়ের মধ্য দিয়ে লিগের সবচেয়ে ধারাবাহিক গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।

মিয়ামির আক্রমণে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। দলটি লিগে সর্বোচ্চ ৮০ গোল করেছে। এর প্রায় এক-তৃতীয়াংশই এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্টের হিসাব ধরলে তার অবদান অর্ধেকেরও বেশি। ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্টও করেছেন তিনি। অর্থাৎ, দলের ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান ছিল মেসির।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন