শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪০, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৫, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষকরা জানান, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি আবেদন জমা পড়ে। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
আবেদন জমার দুই মাসের বেশি সময় পার হলেও বদলির ফল প্রকাশ না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে শিক্ষকদের মধ্যে। তাদের অভিযোগ, বদলি নীতিমালা পরিবর্তনের কথা বলে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। এভাবে বিলম্বের কারণে শিক্ষকদের আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।
অনশনরত শিক্ষকদের দাবি, নিজ জেলা অথবা বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ নিশ্চিত করে দ্রুত বদলির আদেশ জারি করতে হবে। তাদের ভাষ্য, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে নানা জটিলতা তৈরি হচ্ছে। বদলির আদেশ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অনশনরত এক নারী শিক্ষক বলেন, ‘আমাদের জন্য চাকরির নীতিমালা হয়েছে। সরকার বদলি চালু করেছে, আমরাও আবেদন করেছি। এখন আমরা বদলির আদেশ চাই। পরিবারের কাছে, সন্তানের কাছে ফিরতে চাই। আমার মতো অনেক শিক্ষিকা শুধু বদলির আদেশের আশায় রাস্তায় এসে বসেছেন।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই