শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪১, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে আটক করে।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই