শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩, ২২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
সাক্ষ্যের শুরুতে তিনি জানান, এ মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন তিনি।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্যগ্রহণের সময় ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন তাসলিমা জাহান পপি। একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ শিরোনামের আরেকটি প্রতিবেদনও উপস্থাপন করেন তিনি।
নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন জিয়াউল আহসান।
গত ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা।
এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এ মামলায় প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগটি হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।
ঢাকা এক্সপ্রেস/এসএস