শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৭, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৭, ২১ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে মো. মোস্তফা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।
নিহতের বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপে নিয়ে যান। সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। পরে চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে মারধর করেন। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই