শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫২, ১৯ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলার জন্য সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানকে দায়ী করেছেন মোসাদ্দেক।
বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল দুর্বৃত্ত তাঁর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির একাংশ পুড়ে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। তবে ঘটনার আগে পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, ফারুক খানের নির্দেশেই তাঁর বাড়িতে হামলা হয়েছে। বুধবার রাতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চালানো হয়। তবে পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, মোসাদ্দেকের গ্রামের বাড়ি ও তাঁর ফুফুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে।
এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কয়েকটি যানবাহন পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালান। পরে থানার ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই